CDN এর জাদু
CDN-এর জাদুকরী সুবিধা
মন্টু একটু ভেবে বলল, "আচ্ছা বল্টু ভাই, সেটআপ নাহয় করলাম। কিন্তু এত টাকা খরচ করে এই CDN বসালে আসলে লাভটা কী হবে? নাকি শুধু বিলটাই বাড়বে?"
বল্টু ভাই চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, "লাভ মানে? এটা তোর অ্যাপের জন্য লাইফ ইনস্যুরেন্সের মতো। আয়, এক এক করে বলি।”
- ল্যাটেন্সি কমবে (রকেটের গতি): যেহেতু বিড়ালটিউবের ভিডিও এখন আর সুদূর আমেরিকা থেকে আসবে না, বরং ইউজারের বাড়ির পাশের সার্ভার থেকে আসবে, তাই ভিডিও লোড হবে চোখের পলকে। বাফারিং শব্দটাই মানুষ ভুলে যাবে।
- ব্যান্ডউইথ খরচ বাঁচবে (টাকা সাশ্রয়): এটা তোর পকেটের জন্য সুখবর। মেইন সার্ভার থেকে ডাটা ট্রান্সফার হলে যে ব্যান্ডউইথ খরচ হতো, CDN সেটা অনেক কমিয়ে দেয়। কারণ বেশিরভাগ ইউজার তো এজ সার্ভার থেকেই ডাটা পেয়ে যাচ্ছে, মেইন সার্ভারে নকই করছে না।
- ভাইরাল লোড সামলানো (Scalability): ধর, কাল তোর বিড়ালটিউবে একটা ভিডিও ভাইরাল হলো। একসাথে ১০ লাখ মানুষ হুমড়ি খেয়ে পড়ল। CDN না থাকলে তোর মেইন সার্ভার ক্র্যাশ করত। কিন্তু এখন এই ১০ লাখ হিট পৃথিবীর বিভিন্ন এজ সার্ভারে ভাগ হয়ে যাবে। তোর মেইন সার্ভার টেরও পাবে না যে বাইরে ঝড় বয়ে যাচ্ছে!
- সিকিউরিটি গার্ড (DDoS Protection): CDN শুধু ডেলিভারি বয় না, সে দারোয়ানও বটে। অনেক CDN-এর বিল্ট-ইন সিকিউরিটি থাকে। হ্যাকাররা যদি তোর সাইটে অ্যাটাক (DDoS) দেয়, CDN সেই অ্যাটাক নিজের ঘাড়ে নিয়ে নেয়, মেইন সার্ভার পর্যন্ত পৌঁছাতেই দেয় না।

মন্টু খুশিতে গদগদ হয়ে বলল, "ভাই, এ তো দেখি একের ভেতর সব! আর দেরি না, আমি এখনই বাসায় গিয়ে সেটআপ শুরু করছি।"
বল্টু ভাই মুচকি হেসে বললেন, "যা! কিন্তু মনে রাখিস, ফ্রন্টএন্ড ফাস্ট করলি ঠিকই, কিন্তু ব্যাকএন্ডের ডাটাবেসে জ্যাম লাগলে কিন্তু আবার দৌড়ে আসতে হবে।"
মন্টু সে কথা কানে না তুলেই দৌড় দিল।