মন্টু মিয়াঁর সিস্টেম ডিজাইন
রিডান্ডেন্সি ও রেপ্লিকেশন

ডাটা বাঁচানোর জাদুমন্ত্র

ডাটা রিডান্ডেন্সি ও রেপ্লিকেশন

রাত প্রায় ৩টা। ঘামে ভিজে বিছানা থেকে লাফ দিয়ে উঠল মন্টু মিয়াঁ। কী এক ভয়ংকর দুঃস্বপ্ন! কিছুদিন আগেই সে তার 'বিড়ালটিউব'-এর ডাটাবেজ শার্ডিং করে পৃথিবীর নানা প্রান্তের ডাটাসেন্টারে ছড়িয়ে রেখেছে। স্বপ্নে দেখল, এর মধ্যে একটা ডাটাসেন্টার জলোচ্ছ্বাসে পুরোপুরি তলিয়ে গেছে! ওই সার্ভারে থাকা বিড়ালদের হাজারো কিউট ভিডিও, ইউজারদের ডাটা, লাইক, কমেন্ট, সব সলিল সমাধি!

dream

ঘুম ভাঙার পর বুঝতে পারল পুরোটা স্বপ্ন, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি থামছে না। যদি সত্যি এমন কিছু ঘটে? শার্ডিং করে পারফরম্যান্স তো বাড়িয়েছে ঠিকই, কিন্তু একটা সার্ভার গেলে তো সেই সার্ভারের সব ডাটা একেবারে হাওয়া! এর একটা বিহিত না করলেই নয়। চিন্তায় সারারাত আর দু'চোখের পাতা এক করতে পারল না মন্টু।

সকাল হতেই সে দৌড় লাগাল বল্টু ভাইয়ের বাসায়। কলিংবেল চাপতেই বল্টু ভাই চোখ মুছতে মুছতে দরজা খুললেন। মন্টু এক নিঃশ্বাসে তার দুঃস্বপ্নের কথা বলে ফেলল।

সব শুনে বল্টু ভাই স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে দিলেন। “আরে গাধা, এত ঘাবড়ানোর কী আছে? তুই সিস্টেম ডিজাইনের যে পর্যায়ে আছিস, ডাটা হারানোর এই দুঃস্বপ্ন আসাটা খুব স্বাভাবিক। এর সমাধানও আছে। ভেতরে আয়, কফি খেতে খেতে ডাটা বাঁচানোর জাদুমন্ত্র শেখাচ্ছি।”