চাইলেই কি আর সব পাওয়া যায়?
কিসের আবার ট্রেড অফ?
অনেকদিন ধরেই মন্টুর জীবন একদম ঠিকঠাক চলছে। বিড়ালটিউবের স্পিড নিয়ে আর কোনো অভিযোগ নেই, সার্ভার ডাউন হওয়ার ভয়ও কমেছে। কিন্তু বেচারার স্টার্টআপ ফাউন্ডার মনের খুঁতখুঁতে ভাবটা কিছুতেই যাচ্ছে না।
রাতে কফি খেতে খেতে মন্টু নিজেকেই প্রশ্ন করল, “আমি এত কষ্ট করে ডিস্ট্রিবিউটেড সিস্টেম বানালাম, ডাটা পার্টিশন, রেপ্লিকেশন সব করলাম, তবু কেন সব পারফেক্ট হচ্ছে না? স্পিড বাড়াতে গেলে সব সার্ভারে ডাটা সিঙ্ক হতে দেরি হয় (Replication Lag), আবার সব সার্ভারে ইনস্ট্যান্ট ডাটা সিঙ্ক করতে গেলে সিস্টেম স্লো হয়ে যায়। এমন কোনো ম্যাজিক সলিউশন কি নেই, যেখানে স্পিডও রকেটের মতো হবে, সব জায়গায় একই ডাটা থাকবে, আবার ১০০% আপটাইমও পাওয়া যাবে?”
হতাশ হয়ে পরদিন সকালে মন্টু আবার বল্টু ভাইকে ফোন দিল। সব শুনে বল্টু ভাই হো হো করে হেসে উঠলেন।
“আরে গাধা, চাইলেই কি আর দুনিয়ার সব একসাথে পাওয়া যায়? তুই ডিস্ট্রিবিউটেড সিস্টেমের দুনিয়ায় পা দিয়েছিস, এখানে 'ট্রেড-অফ' (Trade-off) বা একটা পাওয়ার জন্য আরেকটা ছাড় দেওয়াটাই হলো আসল খেলা। আজ বিকেলে আমার এখানে আয়। তোকে দেখাই, ডিস্ট্রিবিউটেড সিস্টেমে সবকিছু একসাথে চাইলে কী কেলেঙ্কারি হয়।”
বিকেল হতে না হতেই এক ছুটে মন্টু মিয়াঁ হাজির বল্টু ভাইয়ের ড্রয়িংরুমে।
বল্টু ভাই দুই কাপ চা বানিয়ে এনে এক কাপ মন্টুর হাতে দিয়েই প্রশ্ন করা শুরু করলেন, “আচ্ছা মন্টু বল তো, তুই যখন থেকে বিড়ালটিউব শুরু করেছিস, এরপর থেকে কি তুই বিড়ালটিউবের পাশাপাশি, নিজেকে আর তোর গার্লফ্রেন্ডকে ঠিকমত টাইম দিতে পারিস?”
মন্টু চায়ে একটা চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেলল।
— “না ভাই। বিড়ালটিউব নিয়ে পড়ে থাকলে প্রেম করার টাইম পাই না। আবার প্রেম করতে গেলে নিজে দিনে ৬ ঘণ্টাও ঘুমানোর টাইম পাই না। সারাটা দিন একটা দৌড়ের উপর আছি। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন কেন করলেন?”

বল্টু ভাই মুচকি হাসলেন।
— “দরকার আছে। তার মানে তুই একদিকে ফোকাস করলে আরেকদিকে তোর ফোকাস বা সময় কিছুটা কমে যায়। তোকে সবদিকে ব্যালেন্স করে চলতে হয়, তাই তো?”
— “হ্যাঁ ভাই, একদম তাই।”
— “এটাকেই বলে 'ট্রেড-অফ' (Trade-off)। একদিকে একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আরেকদিকে একটু ছাড় দিতেই হয়। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রেও ঠিক একই কথা। তুই একদিকে পারফেকশন চাইলে আরেকদিকে তোকে একটু ঝামেলা পোহাতেই হবে। চাইলেই তো আর দুনিয়ার সব একসাথে পাওয়া যায় না, তাই না?”
বল্টু ভাই তার চায়ের কাপটা টেবিলে রেখে সিরিয়াস ভঙ্গিতে বললেন, “সিস্টেম ডিজাইনে কী চাইলে কী পাবি আর কী পাবি না, সেই জিনিসটাই আগে তোকে বুঝাই চল।”